বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : শারমীন মুরশিদ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বয়স্কদের জন্য ১০০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বয়স্ক মানুষের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি, আরো ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণের জন্য একে অপরের সঙ্গে গল্প করতে পারে, চা খেতে পারে।

তিনি বলেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝব, সমাধানের চেষ্টা করব, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেব। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়।

উপদেষ্টা বলেন, আজকের নবীন আগামী দিনের তারাই প্রবীণ। প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই তো গড়ে উঠবে একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র। উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং কাজের পরিধি বিশাল। এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব।

উপদেষ্টা বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামোগত পরিবর্তন করেছি এবং আমার নিজের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতায় আনতে চেষ্টা করেছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ অন্যরা।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com