অর্থনীতি বার্তা ডেস্ক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, টিএসির ৫০ বছর পূর্তি উদযাপন এবং ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে অংশ নিচ্ছেন। এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
