অর্থনীতি বার্তা ডেস্ক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।
সম্প্রতি বিএসইসি কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা পৌঁছে দেন কোম্পানির সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, এফসিএ; উপব্যবস্থাপনা পরিচালক এম. নাসিমুল হাই, এফসিএস এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব এম. মাজেদুল ইসলাম।
সাক্ষাৎকালে দেশের বর্তমান পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, বাজার উন্নয়ন, বন্ড মার্কেট সম্প্রসারণ, মার্জিন রুলের কার্যকারিতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পুঁজিবাজারের স্বচ্ছতা, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক অভিজ্ঞতা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
এ সময় এসবিজির প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বিএসইসি দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করে তুলতে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
