কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর পিতা ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার আধুনিক, সমৃদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সম্মানজনক অবস্থানে পৌঁছায়। শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ক্রমাগত আরও শক্তিশালী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি কাতারের আমির, রাজপরিবার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার (১২ জুলাই) ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং আধুনিক কাতারের অন্যতম প্রধান রূপকার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com