বিমাখাত অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে পারলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। একই সঙ্গে মানুষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে নিরাপত্তাবোধ ও উদ্যোক্তা হওয়ার মানসিকতাও আরও শক্তিশালী হবে।

মন্ত্রী বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ উপাদান এখনও বাংলাদেশের অর্থনীতিতে পূর্ণমাত্রায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না। বিমা খাত সেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি, যা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ খাতে সুশাসন, কার্যকর নীতিমালা এবং শক্তিশালী আইনি কাঠামো নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার শুধু রাষ্ট্র পরিচালনার জন্য নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সংস্কার ও সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করছে। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার দুর্বলতা দূর করা, অর্থ পাচার রোধ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, একজন নাগরিক যখন নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন, তখন তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমে অংশ নিতে পারেন। বিমা সেই নিরাপত্তাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর ইতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও প্রতিফলিত হয়।

দেশের আরও বেশি সংখ্যক মানুষকে বিমার আওতায় আনতে কার্যকর আইন, বিধিমালা এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিমা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট সুপারিশ উপস্থাপন করতে হবে। পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এমন নীতিগত ও আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, যা বিমা খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com