অর্থনীতি বার্তা ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের সাম্প্রতিক বদলির সঙ্গে কোনো মাজার-সংক্রান্ত বিষয় জড়িত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ডিসির বদলিকে একটি মাজারে তার নেওয়া পদক্ষেপের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। তবে কোনো ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে বলেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে—এমন ধারণা করা ঠিক নয়।
তিনি বলেন, সরকারের এখতিয়ারের মধ্যে সম্পাদিত সব কর্মকাণ্ডের ব্যাখ্যা সব সময় প্রকাশ করা হয় না। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও থাকতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি বিবৃতি দিয়েছে। এর বাইরে নতুন করে কিছু বলার নেই।
তথ্য উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা হয়ে থাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সক্রিয় রয়েছে। তবে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ডিসির বদলির ক্ষেত্রে মাজার-সংক্রান্ত কোনো বিষয় জড়িত নয়।
একই ব্রিফিংয়ে মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের উদ্যোগের বিষয়ে সরকারেরও দ্বিমত থাকার কথা নয়। দানের অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট এবং সরকার এ ধরনের কার্যক্রমকে ইতিবাচকভাবেই দেখে।
