স্টাফ রিপোর্টার | অর্থনীতি বার্তা
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক কমিটির সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর গিয়াস উদ্দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গিয়াস উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা। তিনি ফজল আহমদ সওদাগরের সন্তান। ছাত্ররাজনীতিতে তার যাত্রা শুরু হয় ২০০৬ সালে পূর্ব সরফভাটা আইডিয়াল স্কুল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে।
পরবর্তীতে তিনি ২০০৮ সালে সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, ২০১১ সালে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং পরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ আহ্বায়ক কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।
গিয়াস উদ্দিন জানান, ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হন। এছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী বিএনপির আন্দোলন-সংগ্রাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
