প্রথমবার উদযাপিত হলো ‘চার্টার্ড সেক্রেটারি ডে’, সুশাসনে নীতিগত সহায়তা চাইল আইসিএসবি

করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘চার্টার্ড সেক্রেটারি ডে-২০২৬’

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

প্রথমবারের মতো ‘চার্টার্ড সেক্রেটারি ডে-২০২৬’ উদযাপন শুরু করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। করপোরেট সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের কাছে নীতিগত সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব, অংশীজন এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণমূলক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

র‍্যালির উদ্বোধনী বক্তব্যে আইসিএসবির প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস বলেন, ২০১০ সালের ১৬ জুন চার্টার্ড সেক্রেটারিজ আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে এই পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রথমবারের মতো ‘চার্টার্ড সেক্রেটারি ডে’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, করপোরেট সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করা চার্টার্ড সেক্রেটারিদের অন্যতম প্রধান দায়িত্ব। দিবসটি উদযাপনের মাধ্যমে পেশাজীবীদের দায়িত্ব ও কর্তব্য নতুন করে স্মরণ করিয়ে দেওয়া এবং অংশীজনদের কাছে এ পেশার গুরুত্ব তুলে ধরাই মূল লক্ষ্য।

হোসেন সাদাত আরও বলেন, “আমরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সহায়ক পরিবেশ প্রত্যাশা করি। সরকার, পেশাজীবী এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে দেশে করপোরেট সুশাসন আরও শক্তিশালী হবে।”

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামে আইসিএসবির দুটি ক্যাম্পাসে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে এবং ভবিষ্যতে প্রতি বছর ১৬ জুন ‘চার্টার্ড সেক্রেটারি ডে’ পালনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরীসহ সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর মাধ্যমে দেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। সেই মাইলফলকের ১৬ বছর পূর্তি উপলক্ষে এ বছর থেকে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com