ব্র্যাক ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন, নিট মুনাফা বেড়েছে ৫৭%

২০২৫ সালে সমন্বিত নিট মুনাফা ২,২৫১ কোটি টাকা; ইপিএস বেড়ে হয়েছে ৯.১২ টাকা

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ২০২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন করেন।

ব্যাংকটির চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের প্রতি অবিচল আস্থা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান সভা পরিচালনা করেন।

এজিএমে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৫১ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালোন) নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।

ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৪ সালের ৬.১৮ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ৯.১২ টাকায় উন্নীত হয়েছে।

এ ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩৯.৩৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫১.৫৬ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো ৫৪.১৪ টাকা থেকে বেড়ে ৭২.৭২ টাকায় পৌঁছেছে।

সভায় চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, সামষ্টিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংক শক্তিশালী আর্থিক সক্ষমতা ও ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকের এই সাফল্যের পেছনে গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মীদের সম্মিলিত অবদান রয়েছে।

তিনি ভবিষ্যতেও টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com