তারেক রহমানকে সহযোগিতার আহ্বান, জামায়াতকে আমানউল্লাহ আমান

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্দেশ্যে বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, “জিয়াউর রহমান ১৯৭৯ সালে আপনাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন।”

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আমানউল্লাহ আমান বলেন, “ওয়ান-ইলেভেনের সময় আমরা গ্রেপ্তার হয়েছিলাম, জেলে ছিলাম। তখন তারেক রহমানও কারাবন্দি ছিলেন। রিমান্ড শেষে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ফিরে আসেন। পরে দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন থেকেও তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।”

তিনি দাবি করেন, “তারেক রহমানের আহ্বানেই আমরা আন্দোলনে নেমেছিলাম—বিনা ভোটের এমপিদের সংসদ থেকে বের করা, অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে আমরা রাজপথে ছিলাম।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইলিয়াস আলী কোথায় আছেন, তার পরিবার জানে না। চৌধুরী আলমসহ অনেকের খোঁজ নেই।”

সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকার কাজ করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করা উচিত।”

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের রাজনৈতিক ইতিহাস ভুলে গেলে চলবে না। তাই দ্বিমুখী অবস্থান না নিয়ে সংসদে যা বলবেন, সেটাই স্পষ্টভাবে বলা উচিত।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত—এ বাস্তবতাকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com