অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ-এ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর-এর Dhaka North City Corporation (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাত। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, মুসল্লিরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদের নামাজ আদায় করতে পারেন— সেটিই তাদের মূল লক্ষ্য। নারী-পুরুষ সবার জন্য আলাদা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ডিএনসিসি সূত্র জানায়, ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
স্টিল স্ট্রাকচারের মাধ্যমে বড় পরিসরে শেড নির্মাণ করা হয়েছে, যাতে বৃষ্টির মধ্যেও মুসল্লিদের নামাজ আদায়ে কোনো বিঘ্ন না ঘটে।
এছাড়া নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন।
নগরবাসীকে এ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, একসঙ্গে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী সৈয়দ রকিবুল হাসান এবং Dhaka Metropolitan Police-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
