সংসদের নেতিবাচক সংস্কৃতি দূর করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

সংসদের পুরনো ও নেতিবাচক সংস্কৃতি দূর করে একটি ইতিবাচক ও কার্যকর সংসদ গঠনের অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতের সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার জন্য কাজ করবে তার দল।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, কর্মশালায় সংসদের সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও কনভেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রমের উদাহরণও তুলে ধরা হয়েছে।

ভবিষ্যৎ সংসদ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আশা করি আমাদের আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে। মানুষ বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যে নেতিবাচকতা তৈরি হয়েছিল, তা আমরা মানুষের মন থেকে মুছে দিতে চাই।”

নতুন সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা নতুন এমপি হয়েছেন তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন। একটি শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, তেমনি নবীন সংসদ সদস্যদেরও সঠিক সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে যেন কোনো খারাপ সংস্কৃতি দানা বাঁধতে না পারে, সে দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

দুই দিনের কর্মশালার শেষ দিনে সকালে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

এ কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা নবীন এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com