আন্তর্জাতিক ডেস্ক | অর্থনীতি বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধ থেকে সরে এসে শান্তিকে একটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভলকার তুর্ক বলেন, “বিশ্ব এখন এই সংঘাত নিয়ন্ত্রণ আনার ও সমাপ্তির পদক্ষেপ দেখার জন্য অধীর অপেক্ষায় আছে। কিন্তু এর পরিবর্তে আমরা কেবল আরও বেশি উসকানিমূলক ও যুদ্ধংদেহী কথা, বোমাবর্ষণ, ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড এবং উত্তেজনা বৃদ্ধি দেখতে পাচ্ছি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।”
তিনি আরও বলেন, “আমি সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে অবিলম্বে উত্তেজনা কমানোর পদক্ষেপ গ্রহণ এবং শান্তিকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান অন্য রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানায়। বেসামরিক নাগরিকদের ওপর আরও বিভীষিকা ও ধ্বংসযজ্ঞ রোধ করতে হলে অবশ্যই শুভবুদ্ধি ও সংযমের উদয় হতে হবে।
সূত্র: আল জাজিরা
