অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য নতুন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
সোমবার (১ জুন) থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।
নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ব্যবহারকারীদের বয়স যাচাই নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি পরিচয়পত্র অথবা অনুমোদিত অন্যান্য নথির মাধ্যমে বয়স যাচাইয়ের ব্যবস্থা রাখতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিধান অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।
এমসিএমসির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য শিশুদের প্রযুক্তি ব্যবহার থেকে দূরে রাখা নয়; বরং তাদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান, অভিভাবক এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে ক্ষতিকর, বিভ্রান্তিকর এবং আপত্তিকর কনটেন্টের বিস্তার বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি জোরদার করেছে মালয়েশিয়া। বিশেষ করে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক এবং সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণে দেশটি কঠোর অবস্থান গ্রহণ করেছে।
বিশ্বব্যাপী শিশুদের মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত গোপনীয়তা এবং অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় মালয়েশিয়ার এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: ডন
