সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, অপরিবর্তিত মাছ ও মুরগি

0 comments

বিনোদন ডেস্ক | অর্থনীতি বার্তা

সরবরাহ পর্যাপ্ত থাকায় রাজধানীর বাজারগুলোতে সবজির দামে স্বস্তি দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় শীতকালীন বিভিন্ন সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কমেছে নতুন পেঁয়াজের দাম। তবে মাছ ও মুরগির বাজারে দামে কোনো পরিবর্তন নেই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও আগারগাঁও এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা তিন দিনের সরকারি ছুটি এবং শৈত্যপ্রবাহের কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা কম থাকায় সবজির দাম নেমেছে।

শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, “টানা ছুটির কারণে অনেক মানুষ গ্রামের বাড়িতে চলে গেছেন। আবার শীতের জন্যও বাজারে ক্রেতা কম। এ কারণে সবজির দাম কমেছে।”

বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে শিম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৩০ থেকে ৪০ টাকা, মূলা ২০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বড় সাইজের বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঝিঙে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এসব সবজির ক্রেতা তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

এছাড়া কাঁচামরিচ কেজিতে ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং খিরা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ২০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শাকসবজির মধ্যে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ৩০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, ডাটা শাক দুই আঁটি ৩০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

আলু ও পেঁয়াজের বাজারে দেখা গেছে, নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা, পুরোনো আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা এবং নতুন পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজকলি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।

মুরগির বাজারে সোনালি কক মুরগি ২৬০ টাকা, সোনালি হাইব্রিড ২৪০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা এবং দেশি মুরগি ৫৭০ থেকে ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে আগের দামই বহাল রয়েছে। ইলিশ ৩০০ গ্রাম ওজনের এক কেজি মাছ ১ হাজার টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা, ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া শিং মাছ (চাষের) ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস কেজিতে ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা এবং গরুর কলিজা ৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের আশা, সরবরাহ স্বাভাবিক থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে সামনে দিনগুলোতে নিত্যপণ্যের বাজারে আরও স্বস্তি মিলতে পারে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com