অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক-এর চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন।
সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি জানান, বয়স হওয়ায় এখন আর দায়িত্ব নিতে চান না এবং অবসরের বাকি সময়টুকু স্বস্তিতে কাটাতে চান।
গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি সরকারের সাবেক সচিব।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতের কয়েকটি প্রতিষ্ঠান দেউলিয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেন। এরপর EXIM Bank Bangladesh, Social Islami Bank, First Security Islami Bank, Union Bank Limited এবং Global Islami Bank—এই পাঁচটি ব্যাংকে আমানতের টাকা উত্তোলনে হিড়িক পড়ে।
পরে পরিস্থিতি সামাল দিতে এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের জন্য বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে।
এ ছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বিমা তহবিল থেকে প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট প্রায় ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
