ভুয়া কৃষি প্রকল্পে প্রতারণা: কোটি টাকার কেলেঙ্কারিতে গ্রেপ্তার ১

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ নামে ভুয়া বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে শত শত মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওবায়েদুল্লাহ (৩৩)। তার বাড়ি ভোলা জেলার শশীভোষণ থানার জাহানপুর এলাকায়।
ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যেভাবে প্রতারণা

মামলার এজাহার সূত্রে জানা যায়, চক্রটি ‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ নামে একটি ভুয়া বিনিয়োগ স্কিম চালু করে। প্রলোভন ছিল—১ লাখ টাকা বিনিয়োগে মাসে ৩ হাজার টাকা লাভ এবং ৩৩ মাসে মূলধন দ্বিগুণ।

এই প্রলোভনে পড়ে ২০২৩ সালের মে মাসে ভুক্তভোগীরা ভাটারা এলাকার কুড়িল চৌরাস্তা সংলগ্ন অফিসে গিয়ে বিনিয়োগ করেন।
প্রথমে ৭ লাখ ও পরে আরও বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে মোট ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। আংশিকভাবে ১৮ লাখ ৭২ হাজার টাকা ফেরত দিলেও পরে অফিস বন্ধ করে তারা আত্মগোপনে চলে যায়।

৪০০ কোটির লেনদেনের তথ্য

তদন্তে সিআইডি জানতে পেরেছে, প্রতিষ্ঠানের চারটি ব্যাংক হিসাব ও সার্ভার বিশ্লেষণে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এছাড়া গ্রেপ্তার ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেন শনাক্ত হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রায় ১৫ হাজার ভুক্তভোগী ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম ও সাভার থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং এসব মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিআইডি জানিয়েছে, এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একইসঙ্গে সাধারণ মানুষকে বিনিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com