অর্থনীতি বার্তা ডেস্ক
ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হন, সে লক্ষ্য সামনে রেখেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বৈরাচারী শাসনের পতনের আগে ও পরে দেশের অর্থনৈতিক বাস্তবতা আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে।
তিনি বলেন, “দেশকে পুনর্গঠন করতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করাও জরুরি।”
প্রধানমন্ত্রী জানান, আগামী ১১ জুন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। বাজেট প্রণয়নের সময় দেশের সব শ্রেণির ব্যবসায়ীর বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, “তারা ট্রেডার হোন কিংবা শিল্পোদ্যোক্তা, সবার জন্য এমন সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হন।”
তারেক রহমান আরও বলেন, এবারের বাজেটের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করা। এ জন্য সরকার বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারপ্রধান আশা প্রকাশ করেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
