বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

পুলিশ সদস্যদের নতুন শপথ নেওয়ার আহ্বান, রাজারবাগে ১৯৭১ সালের ঘটনাবলী নিয়ে গবেষণার তাগিদ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে জন্য সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এ শহীদ পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, “শুধু স্মরণের মধ্য দিয়েই দায়িত্ব শেষ হয় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যেকোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে সবাইকে অঙ্গীকার করতে হবে— ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।

স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’ এবং ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধের পর স্বাধীনতার আন্দোলন থেকে পিছু হটার আর কোনো সুযোগ ছিল না।

এ সময় তিনি ১৯৭১ সালের মার্চ মাসে রাজারবাগে সব পুলিশ সদস্যকে একত্রে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা ও কৌশল নিয়ে গবেষণার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে গঠিত বর্তমান সরকার দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, “দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। আর সেই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হয়।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের, বিশেষ করে নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও মানবিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের প্রতিও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।

এর আগে বর্ণিল পুলিশ প্যারেড উপভোগ শেষে তিনি বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠান শেষে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র‍্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান ‘বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com