অর্থনীতি বার্তা ডেস্ক
মাঠপর্যায়ে বাংলাদেশ পুলিশের টহল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জরুরি অপারেশনাল চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রস্তাব মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুলিশের জন্য এসব বিশেষায়িত যানবাহন সরবরাহ করবে। গাড়িগুলো ক্রয়ের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তাদের মতে, নতুন ডাবল কেবিন পিকআপগুলো পুলিশের বহরে যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চলাচল, টহল এবং অভিযানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও দ্রুত, কার্যকর ও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এ উদ্যোগকে দেশের নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
