অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যদের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল (বুধবার) যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিঅ্যান্ডএস)-এ অনুষ্ঠিত কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সদস্যদের স্মরণ করে সেনাপ্রধান বলেন,
“দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।”
এর আগে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, এবং এসটিসিঅ্যান্ডএস-এর কমান্ড্যান্ট তাঁকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিগন্যাল ব্রিগেড ও ইউনিটসমূহের কমান্ডাররা, এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, গত ৯ নভেম্বর এসটিসিঅ্যান্ডএস-এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসে শহীদ আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতিতে তাঁর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন জ্যেষ্ঠ অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা। পরে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন
