জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে—কোথায় আছে দেখাতে বললেন মির্জা ফখরুল

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম কোথাও বলে না। জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে—এটা কোথায় লেখা আছে? তারা আমাকে দেখিয়ে দিক।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টি পারপাস হলে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষায় কেয়ারটেকারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের অপপ্রচারকে ভুল পথ দেখানো বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, মানুষের কাছে অজানা ‘পিআর পদ্ধতি’ চাপিয়ে নয়—বরং ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’ ভিত্তিক গ্রহণযোগ্য নির্বাচনই জরুরি।
“বছরের পর বছর বলা হলো—পিআর ছাড়া নির্বাচন হবে না। এখন আবার সুর নরম। জনগণকে বিভ্রান্ত করা ইসলামের কোথাও বলা নেই,”—যোগ করেন তিনি।

জামায়াতকে উদ্দেশ করে ফখরুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই আইডিএল নামে তারা রাজনৈতিক অঙ্গনে আসার সুযোগ পেয়েছিল। কিন্তু গত ১০ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে মোকাবিলায় তাদের দৃশ্যমান কোনো ভূমিকা দেখিনি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রসঙ্গেও তিনি অভিযোগ করেন—“তারা ছাত্রলীগ সেজে নির্বাচনে ঢুকেছিল।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন,
“একটা ব্যালটে চারটা প্রশ্ন—এটা মানুষ আজ পর্যন্ত বোঝেনি, শেষ পর্যন্তও বুঝবে না।”

তিনি সবাইকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপি ক্ষমতায় গেলে ইসলামিক ফাউন্ডেশনকে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দেন মির্জা ফখরুল।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক।
এ ছাড়া মাওলানা মো. জুবাইদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com