অর্থনীতি বার্তা ডেস্ক
২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৩ লাখ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে উন্নয়ন ব্যয়ের আকার বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
নতুন এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে এডিপি বরাদ্দ ছিল ১১ হাজার ৬১৮ কোটি টাকা। আগামী অর্থবছরে এই খাতে বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার ৬৬৮ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে স্বাস্থ্য খাতের উন্নয়ন বরাদ্দ বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, ৩ লাখ কোটি টাকার এডিপির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা সংস্থান করা হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির লক্ষ্য সামনে রেখে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। এর অংশ হিসেবে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও স্থানীয় সরকার খাতে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে।
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেখানে বরাদ্দ ধরা হয়েছে ৩২ হাজার ৩০৩ কোটি টাকা।
স্বাস্থ্যসেবা বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ রাখা হয়েছে ২০ হাজার ৬৬৮ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ ১৯ হাজার ১৮৮ কোটি টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ১৭ হাজার ৬৬৬ কোটি টাকা।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ১৬ হাজার ৮৪৮ কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ১৩ হাজার ৮৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ৩১৯ কোটি টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৩০৩ কোটি টাকা এবং কৃষি মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার ৮৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্বাস্থ্য খাতে বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি সরকারের মানবসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত বহন করে। একই সঙ্গে অবকাঠামো ও স্থানীয় সরকার খাতে বড় বিনিয়োগ দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।
