ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত থামেনি, বাস-ট্রেন-লঞ্চে উপচে পড়া ভিড়

“স্বস্তিতে ফিরছেন যাত্রীরা, তবু থামেনি ঢাকামুখী মানুষের স্রোত”

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে এখনও থামেনি রাজধানীমুখী মানুষের ঢল। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। লঞ্চ, বাস ও ট্রেনে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের উপস্থিতিতে এসব টার্মিনাল হয়ে ওঠে ব্যস্ত ও প্রাণচঞ্চল।

উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষরা দলে দলে ঢাকায় ফিরছেন। দূরপাল্লার বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে সায়েদাবাদ বাস টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেশি দেখা গেছে।

চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, বরিশাল, যশোরসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন। একই সঙ্গে রাজশাহী, পাবনা, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলো থেকেও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। লঞ্চযোগে বরিশাল, ভোলা, চাঁদপুর ও ফরিদপুর থেকেও অনেকেই নিরাপদে ঢাকায় পৌঁছাচ্ছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীরা জানিয়েছেন, সামান্য দেরি হলেও যাত্রা ছিল মোটামুটি স্বস্তিদায়ক।

কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষার্থী এনামুল বলেন, জরুরি প্রয়োজনে ঢাকায় ফিরতে হয়েছে। ট্রেন দেড় ঘণ্টা দেরিতে পৌঁছালেও যাত্রা আরামদায়ক ছিল এবং কোনো বড় ধরনের সমস্যা হয়নি।

অন্যদিকে কুষ্টিয়া থেকে আসা রাশেদুল ইসলাম জানান, পরিবারসহ গ্রামের বাড়িতে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যাত্রা ছিল নির্বিঘ্ন।

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনগুলো সময়মতো স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই এবং স্টেশনের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

এদিকে, শুক্রবার ঢাকার বাইরে গমনকারী ট্রেনগুলোর নির্ধারিত সময়সূচিও প্রকাশ করা হয়েছে। রাজশাহী এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে দুপুর ১২টা ১৫ মিনিটে, মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটে, বনলতা এক্সপ্রেস দুপুর ১টা ৩০ মিনিটে এবং সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করবে।

তবে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এখনও অনেকেই ঢাকায় ফেরেননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে রাজধানীমুখী মানুষের এই চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com