১৯% মুনাফা বৃদ্ধি, ৪২০% নগদ লভ্যাংশ ঘোষণা ইউনিলিভার কনজিউমার কেয়ারের

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভোগ্যপণ্য কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ আলোচ্য হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৯ কোটি ৪২ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৬৬ কোটি ৭২ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ২১ পয়সা, যা আগের বছরে ছিল ৩৪ টাকা ৬২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা

কোম্পানিটি জানিয়েছে, রাজস্ব বৃদ্ধি, পরিচালন ব্যয়ে দক্ষতা, প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটির পূর্ববর্তী দায় পুনর্মূল্যায়ন থেকে এককালীন সুবিধা এবং নগদ অর্থের কার্যকর বিনিয়োগে আর্থিক আয় বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফা বেড়েছে।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল

এর আগে ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ টাকা ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১২৬ টাকা ৮৩ পয়সা।

২০২৩ হিসাব বছরে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এবং সে বছর ইপিএস ছিল ৪৯ টাকা ৮৯ পয়সা। আর ২০২২ হিসাব বছরে ৩০০ শতাংশ লভ্যাংশের মধ্যে ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড

উল্লেখ্য, ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড-কে অধিগ্রহণের পর ২০২০ সালের ২৬ নভেম্বর কোম্পানিটির নতুন নাম রাখা হয় ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।

বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি, যার ৯২ দশমিক ৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com