অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
চলতি বছরের বাংলাদেশ থেকে ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরব-এ পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন।
সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, ১৩ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৯টি, Saudi Airlines ৫১টি এবং Flynas ২২টি ফ্লাইট।
এয়ারলাইন্সভিত্তিক যাত্রী পরিবহনের তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক সেবা নিয়েছেন ১৬ হাজার ২ জন।
এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন। সর্বশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা যান।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট যাবে আগামী ২১ মে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
