অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। দেশজুড়ে রাজনৈতিক দল, ভোটার এবং সাধারণ মানুষ জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় চূড়ান্তভাবে প্রবেশ করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়।
ভোটের তারিখ ও সময়সূচি
সিইসি ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে।
ঘোষিত তফসিল অনুযায়ী:
-
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর
-
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
-
মনোনয়নপত্রের আপিল: ১১ জানুয়ারি
-
আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি
-
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
-
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
-
নির্বাচনী প্রচার: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে প্রায় ৩ লাখ প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
রাজনৈতিক প্রেক্ষাপট
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতিত হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। ১৬ মাসের দায়িত্বকাল শেষে আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলো।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপি ও কিছু রাজনৈতিক দল। ২০২৫ সালের জুনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, নির্বাচন হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে। ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারি ২০২৬-এ ভোট সংক্রান্ত সিদ্ধান্তে একমত হন।
এরপর থেকে অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। আজ তা সিইসি জাতির সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।
