অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার থেকে সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে জনপ্রিয় হিমসাগর আম। মৌসুমের প্রথম দিনেই জেলার বিভিন্ন মোকামে সুস্বাদু ও সুমিষ্ট এই আমে ভরে ওঠে বাজার।
সাতক্ষীরার সবচেয়ে বড় আমের মোকাম সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা যায়, বাজারজুড়ে রয়েছে হিমসাগর আমের সরব উপস্থিতি। আগেই আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা করায় নির্ধারিত সময় মেনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বাজারে এসে ভিড় করেছেন।
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আকার ও মানভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে বাজারে সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাঙ্গাইল থেকে আসা পাইকার আব্দুর রহিম বলেন, “সাতক্ষীরার আম সবার আগে বাজারে আসে। স্বাদেও এই জেলার আমের আলাদা কদর রয়েছে।” তিনি আরও বলেন, “প্রথম দিন হওয়ায় হিমসাগর আমের দাম কিছুটা বেশি মনে হয়েছে। প্রিমিয়াম সাইজের আম বাজারে আসতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।”
সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের দেশজুড়ে বিশেষ চাহিদা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করার সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৫ মে বাজারে ওঠে গোবিন্দভোগ, গোপালভোগসহ স্থানীয় বিভিন্ন জাতের আম।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে ৫ হাজার ২৯৯টি বাগানে প্রায় ৪৫ হাজার ৭৫০ জন কৃষক আম চাষ করেছেন। এবার মোট ৭০ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যও রয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রায় ৩৫০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
