সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম, বেড়েছে পেঁয়াজ ও ডিমের বাজার

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও সপ্তাহের ব্যবধানে দাম কমেনি। অধিকাংশ সবজি আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিমের দাম।

শুক্রবার (১৫ মে) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সব ধরনের সবজি গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। করলা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দাম প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং সজিনা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

ধুন্দল হাইব্রিড ৫০ টাকা ও দেশি ধুন্দল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা আমের দাম প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি। অন্যদিকে কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বর্তমানে ১০০ থেকে ১৪০ টাকায় উঠেছে।

পেঁপে প্রতি কেজি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ থেকে ১২০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। দেশি ধনেপাতা প্রতি কেজি ২০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৬০ টাকা এবং ক্যাপসিকাম কেজি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালি কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ৩২০ টাকায় নেমেছে। সোনালি হাইব্রিড বিক্রি হচ্ছে ৩০০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি এখনও ৭৫০ টাকা কেজিতেই রয়েছে।

গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা এবং ভুঁড়ি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম রয়েছে কেজি প্রতি ১ হাজার ২০০ টাকা।

বাজারে শীতকালীন কিছু সবজিও এখনও বিক্রি হচ্ছে। টমেটো ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ টাকা এবং বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা পিস।

শাকের বাজারেও তেমন পরিবর্তন নেই। লাল শাক প্রতি আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। পালং শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আলুর দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আলু প্রতি কেজি ২৫ টাকায় বিক্রি হলেও দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছের দাম বেড়ে ৪০০ থেকে ৫৫০ টাকা হয়েছে। এছাড়া মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা এবং কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

ডিমের বাজারে সপ্তাহের ব্যবধানে বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। এক ডজন লাল ডিম বর্তমানে ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। হাঁসের ডিম প্রতি ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিম প্রতি হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com