অর্থনীতি বার্তা ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজধানীর বঙ্গভবনের সামনে সাধারণ মানুষের উপস্থিতি সীমিত থাকলেও কৌতূহলের কমতি ছিল না। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা ছিল কর্মচঞ্চল। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
বঙ্গভবনের সামনে গিয়ে দেখা যায়, রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশের পর বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে অবস্থান নেন। একই সঙ্গে কৌতূহলী কিছু সাধারণ মানুষও বঙ্গভবনের সামনে জড়ো হন। তবে পুরো পরিস্থিতি ছিল শান্ত, স্বাভাবিক ও নিয়ন্ত্রণে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকেই বঙ্গভবন এলাকায় সংবাদকর্মীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। তার পদত্যাগ বা অপসারণ নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত শুক্রবার তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের অধ্যায়ের সমাপ্তি ঘটে। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
