রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

পরে এক ব্রিফিংয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্পিকার জানান, স্বাস্থ্যগত কারণেই রাষ্ট্রপতি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে।

এছাড়া সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন। বিভিন্ন শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে স্পিকার বলেন, স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নিয়েছেন, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে এ দায়িত্ব পালন করা যায়। একইভাবে ডেপুটি স্পিকারও এ ধরনের সাংবিধানিক শপথ গ্রহণ করেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান নানা গুঞ্জনের প্রসঙ্গে স্পিকার বলেন, শুক্রবার দুপুর থেকে বিভিন্ন ধরনের আলোচনা শোনা গেলেও প্রকৃত বিষয় হলো—রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

স্পিকার আরও বলেন, সাবেক সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com