অর্থনীতি বার্তা ডেস্ক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শুল্ক ও কর কাঠামোয় আনা বিভিন্ন পরিবর্তনের ফলে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তামাক ও নির্মাণসামগ্রী খাতের কোম্পানিগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ব্যাংক, টেলিকম, ওষুধ, প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশ কয়েকটি কোম্পানি এ বাজেট থেকে ইতিবাচক সুবিধা পেতে পারে।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তামাক খাতে বাড়ছে করের চাপ
প্রস্তাবিত বাজেটে সিগারেটের নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম—সব স্তরের সর্বনিম্ন খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সিগারেট উৎপাদনে ব্যবহৃত ফিল্টার আমদানির ওপর নতুন করে ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সিগারেট উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা কর ফাঁকি রোধে সহায়ক হবে।
বিশ্লেষকদের মতে, উচ্চ কর এবং মূল্যবৃদ্ধির কারণে ভোক্তাদের ক্রয়ক্ষমতায় প্রভাব পড়তে পারে, ফলে বিক্রির পরিমাণ কমার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত British American Tobacco Bangladesh-এর পরিচালন ও নিট মুনাফার ওপর চাপ সৃষ্টি হতে পারে।
তামাক খাতের কোম্পানিগুলোর জন্য বর্তমানে ৪৫ শতাংশ করপোরেট কর এবং অতিরিক্ত ২.৫ শতাংশ সারচার্জ বহাল থাকায় খাতটির ওপর করের চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইস্পাত শিল্পে বাড়তে পারে উৎপাদন ব্যয়
প্রস্তাবিত বাজেটে ইস্পাত উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির উচ্চমূল্যের কারণে ইস্পাত শিল্প এমনিতেই চাপে রয়েছে। এর সঙ্গে নতুন ভ্যাট যুক্ত হলে উৎপাদন খরচ আরও বাড়বে।
বিশ্লেষকদের মতে, ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো যদি তাৎক্ষণিকভাবে এ বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে না পারে, তাহলে তাদের মুনাফার মার্জিন সংকুচিত হতে পারে।
বিশেষ করে আবাসন খাত ও সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে রডের দাম দ্রুত বাড়ানো কঠিন হতে পারে। এতে BSRM Steels Limited, BSRM Limited এবং GPH Ispat Limited-এর পরিচালন মুনাফায় সাময়িক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যান্য খাতে ইতিবাচক সম্ভাবনা
তবে সামগ্রিকভাবে বাজেটের বিভিন্ন কর ও নীতিগত সংস্কার দেশের বেশিরভাগ তালিকাভুক্ত কোম্পানির জন্য ইতিবাচক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক খাতে BRAC Bank PLC, The City Bank PLC, Eastern Bank PLC, Premier Bank PLC এবং Pubali Bank PLC সুবিধা পেতে পারে।
টেলিযোগাযোগ খাতে Grameenphone ও Robi Axiata, প্রযুক্তি খাতে ADN Telecom Limited, BDCOM Online Limited ও Genex Infosys Limited ও Ichamoti Technology ইতিবাচক প্রভাব পেতে পারে।
ওষুধ খাতে Square Pharmaceuticals, Beximco Pharmaceuticals, Renata PLC, Beacon Pharmaceuticals PLC এবং JMI Syringes & Medical Devices Ltd. সুবিধাভোগী হতে পারে।
এছাড়া Walton Hi-Tech Industries PLC, Singer Bangladesh, ACI Limited, Summit Power Limited এবং জ্বালানি খাতের কয়েকটি কোম্পানিও ইতিবাচক প্রভাব পেতে পারে।
বিশ্লেষকদের মতে, বাজেটের চূড়ান্ত অনুমোদনের আগে প্রস্তাবিত কর ও ভ্যাট কাঠামোয় কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট খাতগুলোর সম্ভাব্য প্রভাবেও পরিবর্তন আসতে পারে।
