অর্থনীতি বার্তা ডেস্ক
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার (১২ জুলাই) সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ, শিশুখাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিসিআরএস নেতৃদ্বয় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকারকর্মীদের দুর্গত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের ফটিকছড়ি, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলাসহ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, মৌলভীবাজারের রাজনগর উপজেলা এবং হবিগঞ্জের বিভিন্ন এলাকা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরও বলা হয়, বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রামে প্রায় ৯ হাজার ৯৩৩টি পুকুর ও জলাশয় প্লাবিত হয়ে আনুমানিক ৯১ কোটি টাকার মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে প্রায় ২৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বিসিআরএস নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কমে আসা এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বেগ হ্রাস পাওয়ায় নদ-নদীর পানি নামতে শুরু করেছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পানিবন্দি মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
