জাতীয় সংকটে সমাধানমুখী নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে এবং সবসময় গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি পরিচালনা করেছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ও বৈচিত্র্যময় বাস্তবতার প্রতিফলন। অতীতের সংসদগুলোর তুলনায় এই সংসদে রাজনৈতিক বৈচিত্র্য বেশি।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংকটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫, ১৯৮২ এবং ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এসব সময়ে বিএনপি রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করেছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তিনি আরও জানান, শেয়ারবাজারে দৈনিক লেনদেন প্রায় ৫০০ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে এবং রেমিট্যান্স প্রবাহেও উন্নতি হয়েছে।

বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অস্থিরতা জ্বালানি আমদানিতে প্রভাব ফেলছে, যা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, আগামী বাজেটে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রণয়ন করা হচ্ছে, যা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যমন্ত্রী বিরোধী দল ও ১১ দলীয় জোটকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় উন্নয়নের জন্য রাজনৈতিক ঐক্য জরুরি এবং সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান তাদের আচরণে প্রভাব ফেলে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেশে আদর্শিক বিতর্ক রয়েছে, যা মূলত মতাদর্শগত পার্থক্য থেকে সৃষ্টি।

শেষে তিনি রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেন এবং সংসদ পরিচালনার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com