অর্থনীতি বার্তা ডেস্ক
জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউএন-কপস (United Nations Chiefs of Police Summit–UNCOPS V) সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ জুলাই জাতিসংঘ সাধারণ পরিষদ-এর হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনসহ সম্মেলনের বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনের পাশাপাশি উচ্চপর্যায়ের সাইডলাইন নৈশভোজেও অংশ নেবেন তিনি। নিউইয়র্ক সফরকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিংবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো-এর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়াও বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধিদলে রয়েছেন মো. আলী হোসেন ফকির-সহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Emirates-এর ইকে-৫৮৫ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
