গুলশানে শুরু ‘নাইট বাজার ২০২৬’, চলবে শনিবার গভীর রাত পর্যন্ত

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির আয়োজনে শুরু হয়েছে ‘নাইট বাজার ২০২৬’। শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে বসা এই অস্থায়ী বাজারে স্থানীয় ব্র্যান্ড, খাবার ও লাইফস্টাইল পণ্যের ৫৪টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে এ আয়োজন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে এ বাজারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফিতা কেটে অস্থায়ী এ বাজারের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের সময় গুলশান সোসাইটির শীর্ষ নেতৃবৃন্দ এবং বাজারে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

৫৪টি প্রতিষ্ঠানের স্টল নিয়ে শুরু হওয়া এ বাজারে স্থানীয় ব্র্যান্ডের বিভিন্ন পণ্য, খাবারের স্টল, লাইফস্টাইল সামগ্রীসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাশাপাশি গুলশান সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার উদ্যোগও রয়েছে এই আয়োজনে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের উদ্যোগ সব সোসাইটিতে থাকলে ভালো হতো। এতে সোসাইটিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হতো। তিনি অন্য সোসাইটিগুলোকেও এমন আয়োজন করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশনের সমর্থন থাকবে।

এবারের নাইট বাজারের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন।

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, সোসাইটির নানা সমস্যার সমাধানের পাশাপাশি বাসিন্দাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, আগামী শনিবার গভীর রাত পর্যন্ত চলবে এই ‘নাইট বাজার ২০২৬’। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটার পাশাপাশি বিনোদনের সুযোগও উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com