অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে বের হয়েছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন।
এর আগে সকালে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করে সকাল ১০টা ৪৫ মিনিটে। ভিআইপি গেট দিয়ে বের হয়ে তিনি সরাসরি রওনা হন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জুবাইদা রহমানকে বহনকারী গাড়িবহর হাসপাতালের সামনে পৌঁছায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখান থেকে বের হয়ে তিনি ধানমণ্ডিতে তার মায়ের বাসায় যান এবং আপাতত সেখানেই অবস্থান করবেন।
ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে দেখে চিকিৎসার অগ্রগতি যাচাই এবং প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিতে।
