অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
পবিত্র ঈদুল ফিতর-এর ছুটিতেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান অ্যাভিনিউ-এর বাসভবনে অবস্থান করে তিনি জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের সরকারি ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী বাসভবন থেকেই দাপ্তরিক জরুরি কাজ সম্পন্ন করছেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, দেশজুড়ে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি ও কাজের গতি-প্রকৃতি সম্পর্কে নিয়মিত তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ কার্যক্রমে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন তিনি।
সিটি করপোরেশনগুলোর সেবার মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ প্রসঙ্গে মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে ঈদের সময় নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে।
এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারপ্রধান।
এর আগে, ছুটির প্রথম দিন মঙ্গলবারও তিনি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। ওই দিন তিনি মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এবং ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, ১৭ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। তবে ছুটির পুরো সময়জুড়েই প্রধানমন্ত্রী জনস্বার্থে মাঠপর্যায়ের পরিস্থিতি তদারকি করবেন বলে জানা গেছে।
