আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলা

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারে। মঙ্গলবার (৭ জুলাই) রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিন শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (এলটিএফএফ সমন্বয় ছাড়া) দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এছাড়া ব্যবহারযোগ্য প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে।

সাধারণত প্রতি দুই মাস অন্তর আকুর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি বিল পরিশোধের সমন্বয় করা হয়। মাস শেষে সদস্য দেশগুলোর আমদানি-রপ্তানির হিসাব নিষ্পত্তি করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে আকুর বিল পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থানে রয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভের তিনটি সূচক প্রকাশ করছে। এর মধ্যে রয়েছে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ এবং ব্যবহারযোগ্য প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর)। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত সক্ষমতার আরও স্বচ্ছ চিত্র পাওয়া যাচ্ছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com